জামালপুরের বকশীগঞ্জ উপজেলার তিনানী পাড়া চন্দেরবন এলাকায় অবৈধ জ্বালানি মজুতবিরোধী অভিযান পরিচালনা করেছে প্রশাসন। জাতীয় গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
অভিযানকালে একটি স্থানে অবৈধভাবে মজুত রাখা উল্লেখযোগ্য পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়। এ সময় মো. মাদুস রানাকে (পিতা: মৃত হাসমত আলী) ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আলীমজনু বাবু, বকশীগঞ্জ (জামালপুর) 


















