ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন ৬নং আউলিয়াপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় আউলিয়াপুর ইউনিয়নের চাষি ক্লাব মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালান্দর ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও ঠাকুরগাঁও জেলা মজলিসে শূরার সদস্য মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূল্লী থানার আমীর মাওলানা আব্দুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়নের প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুল হক, ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি রাকিবুল ইসলামসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, নির্বাচনে পরাজিত হলেও তারা এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পরে বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
নাজিমুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি 












