আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রেড ক্রিসেন্ট ইয়ুথ ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ, দুর্যোগ সচেতনতা বৃদ্ধি এবং পিঠা উৎসবের আয়োজন করা হয়।
গত শুক্রবার(৫ ডিসেম্বর) দিনব্যাপী এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচি বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ সময় রেড ক্রিসেন্ট ভলান্টিয়াররা পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিল সবুজ ক্যাম্পাস নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা তৈরি করা।
পিঠা মেলা ও দুর্যোগ সচেতনতা বৃক্ষরোপণ শেষে ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে শুরু হয় পিঠা উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ ছিল পিঠার পাশাপাশি দুর্যোগ সচেতনতা বৃদ্ধি। মেলায় আগতদের জন্য ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগকালীন পরিস্থিতিতে মানুষের করণীয় সম্পর্কে ধারণা দিতে একটি ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।
পিঠা উৎসবের মঞ্চে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্যোগ সচেতনতা ও রেড ক্রিসেন্টের কার্যক্রম সম্পর্কিত প্রশ্নের মাধ্যমে এই কুইজের আয়োজন করা হয়। কুইজে বিজয়ীদের আকর্ষণীয় দেশীয় পিঠা উপহার হিসেবে প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী পিঠা উৎসবের মাধ্যমে মানুষকে একত্রিত করে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা—যেমন: পরিবেশ সুরক্ষা ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি—প্রদান করাই ছিল এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।
আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি 



















