লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কলেজের প্রায় ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে এ ইফতার আয়োজন করা হয়।
ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ফারহান খান নাইম। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা সভাপতি আরমান হোসেন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা প্রকাশনা সম্পাদক মো. নুরনবী। এছাড়াও উপজেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজনে শিক্ষার্থীদের জন্য বিরিয়ানি, খেজুর, আপেল, কমলা, পেয়ারা, আনারস এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। ইফতারের নির্ধারিত সময় হলে শিক্ষার্থীরা একসঙ্গে ইফতার করেন। এ সময় পুরো পরিবেশে ছিল ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও আনন্দঘন আবহ।
ছাত্ররা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। একই সাথে একসঙ্গে ইফতার করার মাধ্যমে রমজানের প্রকৃত শিক্ষা ও আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি হয়। তারা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার মাস। এ মাসে মানুষকে ইসলামের আদর্শে গড়ে তোলা এবং সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, আদর্শ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
-
তাকিনুল ইসলাম , রায়পুর (লক্ষ্মীপুর) - প্রকাশের সময় : ০৮:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- 20
জনপ্রিয়
















