সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেওয়া জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুবেল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জননী ও আপোষহীন নেত্রী। তিনি সকল দল-মত নির্বিশেষে দেশের জাতীয় ঐক্যের প্রতীক। যার পুরো জীবনটাই দেশমাতৃকার জন্য বিলিয়ে দিয়েছেন। দেশের মানুষকে তিনি আগলে রেখেছেন। এখন তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ। আমরা দোয়া করি, মহান স্রষ্টা যেন আমাদের মমতাময়ী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করে আবারো আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনি যেন আবারো দেশের খেদমতে কাজ করতে পারেন আমরা সেই দোয়া করি।”
এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া জাবি শাখা ছাত্রদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ও জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি 















