ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠন এবং বিএনপি-জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জুলাই বিপ্লবের চেতনা সংরক্ষণ এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে অংশ নেন ডাকসুর প্রতিনিধিরা। বৈঠকের শুরুতে তারা সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বইয়ে স্বাক্ষর করেন।
বৈঠক শেষে সাদিক কায়েম বলেন, তারেক রহমান দেশের ছাত্রসমাজের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বিশেষভাবে জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তির ঐক্য অটুট রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, রাজনীতিতে মতভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য হলেও বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এবিএন ডেস্ক 













