হাওরঘেরা কিশোরগঞ্জের তিন থানা—ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম—১০ ডিসেম্বর ২০২৫ তারিখে হঠাৎ করে পরিদর্শন করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সকাল থেকেই শুরু হওয়া এই পরিদর্শনে তিনি প্রতিটি থানার কার্যক্রম সরাসরি পর্যালোচনা করেন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এসপি থানাগুলোর অভিযোগ গ্রহণ পদ্ধতি, অপরাধ নথিভুক্তকরণ, মালখানা ও হাজতখানার নিরাপত্তা, বিট পুলিশিং কার্যক্রমসহ প্রশাসনিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। সাধারণ মানুষের সঙ্গে আলাপ করে তিনি তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান এবং পুলিশ সদস্যদের আরও আন্তরিক হয়ে সেবা প্রদানের তাগিদ দেন।
ইটনা থানায় তিনি অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত টহল চালানো এবং বাল্যবিয়ে ও চোরাচালান রোধে বাড়তি সতর্কতা নেওয়ার নির্দেশ দেন। মিঠামইনে মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধে বিশেষ টিম সক্রিয় রাখার ওপর জোর দেন। অষ্টগ্রামে তিনি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং নারী, শিশু ও প্রবীণবান্ধব সেবা আরও শক্তিশালী করার পরামর্শ দেন।
ফোর্সদের উদ্দেশে তিনি বলেন, “হাওর অঞ্চলে কাজ করার বাস্তবতা কঠিন হলেও মানুষের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে হবে।” অপরাধ দমন, শৃঙ্খলা বজায় রাখা এবং অভিযোগ নিষ্পত্তিতে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ফোর্সদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা শুনে তিনি নীতিমালা অনুযায়ী সমাধানের আশ্বাস দেন। পরিদর্শনের ফলে থানাগুলোর কাজের গতি ও শৃঙ্খলা আরও উন্নত হয়েছে বলে জানা গেছে।
০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম: হাওরের তিন থানায় কিশোরগঞ্জের পুলিশ সুপার
-
এনামুল ইসলাম , কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি - প্রকাশের সময় : ০৯:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- 91










