ফরিদপুরের সদরপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ পণ্য এবং বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত গায়ের রং ফর্সাকারী নকল ক্রিম বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিঁয়াজখালী বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিঁয়াজখালী বাজারের ‘খান ভ্যারাইটিজ স্টোর’ নামক একটি কসমেটিকসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্যের মজুদ, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর রং ফর্সাকারী ক্রিম এবং বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী পাওয়া যায়।
ভোক্তা সাধারণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য বিক্রি ও মজুদের অপরাধে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ অনুযায়ী দোকানের মালিক রিংকু খানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) সোহরাব হোসেন। এছাড়া সদরপুর থানা পুলিশের একটি দল আদালতের নিরাপত্তায় নিয়োজিত ছিল।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, “মেয়াদোত্তীর্ণ পণ্য এবং বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ক্রিম ও নকল কসমেটিকস বিক্রির অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে। ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
সদরপুরে নকল ও নিষিদ্ধ কসমেটিকস বিক্রি: ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা
-
রানা অর্ণব, স্টাফ রিপোর্টার - প্রকাশের সময় : ১০:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- 191
জনপ্রিয়




















